পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য গুলিতে নিহত
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সহযোগী সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করছিলেন ইমন হোসেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা দাবি করেন, সকালে প্রসীতপন্থী ইউপিডিএফের চারজন সশস্ত্র সদস্য সিএনজিযোগে এসে তাদের সহযোগী সদস্য ইমন হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। সংগঠনটির সংগঠক অংগ্য মারমা বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে ইউপিডিএফের কোনো সম্পৃক্ততা নেই। মিথ্যা অভিযোগ তুলে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি ঘটনাটিকে “সাজানো ও কাল্পনিক অভিযোগ” বলে উল্লেখ করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গুলিতে নিহত ইমন হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩১৯ বার পড়া হয়েছে