কলমাকান্দায় বিপুল ভারতীয় পণ্যসহ ট্রাকসহ দুইজন আটক
বুধবার, ৬ মে, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের হযরত আলীর ছেলে ট্রাকচালক মো. নাসিম (২৫) এবং একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মানিকের ছেলে হেলপার মুনির (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির সময় ট্রাকের ভেতরে থাকা কাঠের তুষের বস্তার আড়ালে অত্যন্ত কৌশলে লুকানো অবস্থায় ছোট-বড় ১৮টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। পরে ওই বস্তাগুলো খুলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, “মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। চোরাকারবারিরা বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু আমাদের টিম তাদের সেই ফাঁদ নস্যাৎ করতে সক্ষম হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে; আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা শনাক্তে তদন্ত চালাচ্ছে পুলিশ।
১২০ বার পড়া হয়েছে