তেঁতুল গাছের মগডালে বৃদ্ধা, কুড়িগ্রামে চাঞ্চল্যের সৃষ্টি
বুধবার, ৬ মে, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিখোঁজ এক বৃদ্ধাকে বড় একটি তেঁতুল গাছের মগডালে বসে ও শুয়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (০৬ মে) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা সাজেদা বেগম (৬০)। তিনি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকেই সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার স্বজন ও স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। তখন তাকে গাছের মগডালে বসে এবং শুয়ে থাকতে দেখা যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কার্যক্রম তাৎক্ষণিকভাবে শুরু করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অ.দা) এনামুল হক বলেন, “সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ওই নারীকে বাড়ির পাশের একটি পুকুরের ধারে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখি। কিন্তু পরিবারের লোকজনের আপত্তির কারণে আমরা তখন উদ্ধার কাজ শুরু করতে পারিনি।”
তিনি আরও জানান, এ সময় হঠাৎ ওই নারী পুকুরে লাফ দেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে মানসিক রোগী বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
১২৭ বার পড়া হয়েছে