এডিবি থেকে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা, প্রকল্পে আরও ১.৪ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি
বুধবার, ৬ মে, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চলতি ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আরও প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।
উজবেকিস্তানের সমরখন্দে এডিবির বার্ষিক সভায় অংশ নিয়ে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, বহুপাক্ষিক উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয় করে সরকারের অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বাজেট সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন কঠিন চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে, কারণ স্বল্প সময়ের মধ্যে বাজেট তৈরি করতে হচ্ছে এবং অর্থনৈতিক চাপও বিদ্যমান।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি চাপের মুখে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
আসন্ন বাজেটে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। অতীতে যেসব গোষ্ঠী বাজেট সুবিধা থেকে বঞ্চিত ছিল, তাদেরও এবার অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা বলেন তিনি।
২০১ বার পড়া হয়েছে