উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের ৩ সদস্য আটক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালালচক্রের তিন সদস্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রীনা খানম, তাসলিমা আক্তার ও নাসরিন আক্তার। এর মধ্যে নাসরিন আক্তারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দুইজন রীনা খানম ও তাসলিমা আক্তারকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতাল চত্বরে একটি সংঘবদ্ধ দালালচক্র দীর্ঘদিন ধরে রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নেওয়ার নামে অর্থ আদায় করছিল। এসব অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করেন।
১৬৯ বার পড়া হয়েছে