ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে আধুনিক পেঁপে চাষ প্রশিক্ষণ
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বদরপুর এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ৫০ জনের বেশি কৃষক ও কৃষাণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরে পড়া রোধের কৌশল হাতে-কলমে শেখানো হয়।
এছাড়া পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। ছাদবাগান এবং স্বল্প জায়গায় ফলজ বাগান তৈরি, সঠিক পরিচর্যা ও ফলন বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক মো. আসাদুল্লাহ এবং ব্র্যাক নার্সারি ফরিদপুরের সহযোগী হিসাবরক্ষক অনিমেষ বিশ্বাস।
কৃষকদের প্রশ্নের জবাবে কৃষি কর্মকর্তা আধুনিক প্রযুক্তি ও কীটনাশকের সঠিক ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারী কৃষক লিয়াকত আলী বলেন, “এ প্রশিক্ষণে পোকামাকড় দমনসহ অনেক নতুন বিষয় জানতে পেরেছি, যা আমাদের কৃষিকাজে সহায়তা করবে।”
কৃষক খন্দকার সাইফুল ইসলাম বলেন, “আগে আমরা অনেক সময় না জেনে কৃষিকাজ করতাম, ফলে ভালো ফলন পেতাম না। আজকের প্রশিক্ষণ আমাদের অনেক উপকারে আসবে।”
কৃষাণী উপমা রায় বলেন, “এই ধরনের প্রশিক্ষণ কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হবো।”
আয়োজকেরা জানান, রোগবালাই নিয়ন্ত্রণ, সঠিক রাসায়নিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল লক্ষ্য।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
১২৯ বার পড়া হয়েছে