টুঙ্গিপাড়ায় অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অনুমোদন ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৪ মে) দুপুরে উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সৈয়দা তামান্না তাসরিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটগাতী কাঁচাবাজারের সামনে অবস্থিত ‘আইস মিল’-এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আওলাদ হোসেন মোল্লা বরফ উৎপাদনের লাইসেন্স থাকলেও অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরি করছিলেন।
এছাড়া বিএসটিআই-এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং নিষিদ্ধ রং ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে, একই অভিযানে পাশের একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে দোকানের মালিক ওয়াসিকুর রহমানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, দেশে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী পণ্য বা সেবার সঠিক গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানকালে ক্যাব গোপালগঞ্জের পরিচালক মোহাম্মদ মোজাহারুল হক, টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৮৬ বার পড়া হয়েছে