কোম্পানীগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
সোমবার, ৪ মে, ২০২৬ ৬:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত প্রায় ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি আলমগীরের বাড়িসহ দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), ৩ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মো. আজাদ হোসেন স্বপন (৪০)। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে আব্দুস শহীদ স্বপন চরবালুয়ার ‘শাহীন বাহিনী’র সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা হত্যা মামলারও একজন আসামি।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১১৮ বার পড়া হয়েছে