টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
শনিবার, ২ মে, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নদীর নির্ধারিত জায়গায়ই খনন কাজ করা হবে। পাশাপাশি আশপাশে কেউ নদী দখল করে থাকলে প্রশাসন অবশ্যই সেই দখলদারদের উচ্ছেদ করবে।
টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকার নদীতীর প্রতিরক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইলে ৪১ কোটি টাকা ব্যয়ে ৫২ কিলোমিটার নদী পুনঃখনন কাজ শুরু হয়েছে। দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে এসব উন্নয়ন কার্যক্রম শুরু করেছে।
প্রতিমন্ত্রী জানান, এই নদী পুনঃখননের মাধ্যমে টাঙ্গাইলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, সেচ ব্যবস্থা সচল থাকবে এবং শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এবং ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখননসহ পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১২০ বার পড়া হয়েছে