মাদারীপুরে ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসন করলেন স্থানীয় সালাউদ্দীন
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর সদর উপজেলার পানিছত্র এলাকার ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা পৌরসভার ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন স্থানীয় যুবক ও সমাজসেবক সালাউদ্দীন।
গত রবিবার সকাল থেকে তিনি ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেন। দুই দিনের ধারাবাহিক পরিশ্রমে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডটির সব ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশন স্বাভাবিক করতে সক্ষম হন তিনি।
সরেজমিনে দেখা যায়, পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে নিজেও ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন সালাউদ্দীন। তিনি নিজ হাতে ড্রেনের ঢাকনা খুলে সেখান থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেন। তার এই উদ্যোগ দেখে স্থানীয় বাসিন্দারা তাকে ধন্যবাদ জানান।
স্থানীয় বাসিন্দা ও সালাউদ্দীনের সঙ্গে কথা বলে জানা যায়, মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানিছত্র এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যেত, এতে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
এলাকায় কয়েকটি শিশু শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরা নোংরা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে বাধ্য হতো, যার কারণে তাদের চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হতো। পাশাপাশি বৃষ্টি হলেই দুর্গন্ধযুক্ত পানি পুরো এলাকায় ছড়িয়ে পড়ত।
এমন দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন স্থানীয় যুবক সালাউদ্দীন। তিনি পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কয়েকজন পরিচ্ছন্ন কর্মী ব্যবস্থা করেন এবং নিজেই তাদের সঙ্গে ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন। দুই দিনের প্রচেষ্টায় পুরো এলাকার ড্রেনগুলো পরিষ্কার করে পানি নিষ্কাশন স্বাভাবিক করা হয়, ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সালাউদ্দীন বলেন, “আমি দীর্ঘদিন ধরে ৫ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। জলাবদ্ধতার সময় অনেকেই ঘর থেকে বের হতে পারেন না। তখন আমি নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে বালুর বস্তা ফেলে মানুষের চলাচলের ব্যবস্থা করেছি। আজ ড্রেন পরিষ্কার করতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও এলাকাবাসীর সহযোগিতায় এ ধরনের কাজ চালিয়ে যাব।”
১২২ বার পড়া হয়েছে