তেলের মূল্যবৃদ্ধি নিয়ে গুজবে সতর্ক থাকতে হবে : বাণিজ্যমন্ত্রী
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হওয়ায় দেশে জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, তাতে পণ্যমূল্যে বড় ধরনের কোনো প্রভাব পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে মূল্যস্ফীতি বাড়ার যে গুজব ছড়ানো হচ্ছে, তা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
আজ বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালি টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি এবং চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিল্প-বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে দেশে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়নি এবং রপ্তানিও কমেনি। এটি একটি বৈশ্বিক প্রভাব। সরকার শিল্পকারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এলএনজি স্টোরেজ ফ্যাসিলিটি (গ্যাস সংরক্ষণাগার) নির্মাণ করবে। পাশাপাশি গ্যাস সরবরাহ সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় মন্ত্রী আরও বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জমি উদ্ধার করে শিল্প করিডর গড়ে তোলা এবং নতুন বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন। পরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসক রায়হান কবির এবং বর্ণালি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির উপস্থিত ছিলেন।
১১৮ বার পড়া হয়েছে