মানিকগঞ্জে পেট্রোল মজুদ : ২ প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে রমজান মাসে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার দুটি প্রতিষ্ঠানকে প্রায় পৌনে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার হিজুলী ও রাজিবপুর এলাকায় পৃথক দুটি অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স রিসাদ এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা এবং মেসার্স মিলন এন্টারপ্রাইজকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রথমে হিজুলী এলাকায় মেসার্স রিসাদ এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় ৭০ লিটার পেট্রোল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে পেট্রোল ভর্তি ড্রাম ভুট্টার বস্তায় ঢেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রাজিবপুর বাজারের মেসার্স মিলন এন্টারপ্রাইজের বিরুদ্ধে কৃষকদের কাছে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগ পাওয়া যায়। গোয়েন্দা নজরদারিতে অভিযোগের সত্যতা পাওয়ায় সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং দেড় লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালে প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির বিষয়টি স্বীকার করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিলন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার অঙ্গীকারও করেন তিনি।
এ বিষয়ে মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১২১ বার পড়া হয়েছে