মুন্সীগঞ্জে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের আশ্বাস
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হাবিবুর রহমান; মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক গুলজার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
ব্রিফিংয়ে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলায় বর্তমানে ১৯টি পেট্রোল পাম্প, ১১টি এজেন্সি এবং ৬টি ডিলারের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল ১৯ এপ্রিল পর্যন্ত জেলায় মোট জ্বালানি তেলের মজুদ ছিল—ডিজেল ১,১৭,১২০ লিটার, পেট্রোল ৫,২০৮ লিটার এবং অকটেন ১২,২২১ লিটার।
বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিপো থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে চলমান কৃষি মৌসুমে সেচ কার্যক্রম এবং আড়িয়ল বিল এলাকায় ধান কর্তনের জন্য প্রয়োজনীয় জ্বালানি ১৯ এপ্রিল থেকে চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশন, ডিলার ও এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।
কৃষকদের চাহিদার প্রেক্ষিতে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হলে ডিপো থেকে তাৎক্ষণিক সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তারা সর্বদা বদ্ধপরিকর।
১২৩ বার পড়া হয়েছে