সর্বশেষ

সারাদেশ

দাম বাড়লেও রংপুরে মিলছে না ডিজেল, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রংপুরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের পাশাপাশি ডিজেল সংকট তীব্র আকার ধারণ করেছে।

এর ফলে মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই ৬–৭ ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না।

পাম্প মালিকরা জানান, শনিবার রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও ডিপো থেকে আগের মতো রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। ফলে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

সোমবার সকালে রংপুর নগরীর ৩৫টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র ৩টিতে তেল দেওয়া হবে—এ খবর পেয়ে সকাল ৮টা থেকেই মোটরসাইকেল চালকরা লাইনে দাঁড়ান। দুপুর ১টার দিকে সেই লাইন এক মাইলেরও বেশি দীর্ঘ হয়ে যায়। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোর সামনে ও আশপাশে ট্রাক, পিকআপ ও প্রাইভেট কারেরও দীর্ঘ সারি দেখা যায়।

দুপুর ২টার দিকে নগরীর শাপলা চত্বর এলাকার ইউনিক ট্রেডার্স ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, প্রায় এক মাইল দীর্ঘ মোটরসাইকেলের লাইন, পাশাপাশি ট্রাক, পিকআপ ও প্রাইভেট কার অপেক্ষা করছে। গ্রাহকদের অভিযোগ, শুধু নগরী নয়—বিভিন্ন উপজেলা এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ তেলের জন্য এখানে ভিড় করছেন।

পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে তেলবাহী ট্যাংক লরি আসার পরই সরবরাহ শুরু করা সম্ভব হবে। বিকেল সাড়ে ৩টার দিকে ডিজেল ও অকটেন ছাড়া শুধুমাত্র পেট্রোল বিক্রি শুরু হয়। এ সময় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, এতে অন্তত পাঁচজন মোটরসাইকেল আরোহী আহত হন। আহতদের মধ্যে ইসলাম মিয়া ও নাজমুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল থেকে লাইনে অপেক্ষমাণ মোটরসাইকেল চালক আফতাব উদ্দিন বলেন, “দাম বাড়ানোর পরও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। প্রতিটি পাম্পে পর্যাপ্ত সরবরাহ থাকলে এত দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো না। অথচ শোনা যাচ্ছে দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, নগরীর বাইরের ফিলিং স্টেশনগুলোতে তেল না থাকায় উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে বাইকাররা শহরে এসে ভিড় করছেন।

একই ধরনের অভিযোগ করেন নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা মমতাজ উদ্দিন। তিনি বলেন, “তেলের দাম বাড়ানো হয়েছে, এখন ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হলে এবং পাম্পগুলো নিয়মিত তেল দিলে এ সংকট থাকার কথা নয়।”

এদিকে রংপুরের যেসব পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, সেগুলোর কোনোটিেই ডিজেল পাওয়া যাচ্ছে না। ফলে ট্রাক, পিকআপসহ ডিজেলচালিত যানবাহনগুলো ফিলিং স্টেশনে অপেক্ষা করছে। একই সঙ্গে ডিজেলের অভাবে সেচযন্ত্র চালাতে না পারায় কৃষকরাও চরম ভোগান্তির মুখে পড়েছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন