চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যমাত্রা প্রায় ৪৪ লাখ শিশু
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সারাদেশের মতো চট্টগ্রামেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪৪ লাখ শিশু। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১৫টি উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭ লাখ ৬৫ হাজার শিশু।
আজ ২০ এপ্রিল সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এস এম পাইলট স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং ইউনিসেফের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। সরকারের স্বাস্থ্যবান্ধব নীতির কারণে দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৩ লাখেরও বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
এবারের ক্যাম্পেইনে সিটি করপোরেশনের ৭টি জোনের ৪১টি ওয়ার্ডে ৪৮টি স্থায়ী টিম এবং ২০৫টি অস্থায়ী টিম কাজ করবে। পাশাপাশি চট্টগ্রাম জেলায় মোট চার শতাধিক কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
১১৭ বার পড়া হয়েছে