গোপালগঞ্জে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর নানামুখী প্রভাব, সংকট ও জনদুর্ভোগ
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৯:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে এর নেতিবাচক প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। পরিবহন, কৃষি উপকরণসহ বিভিন্ন সেবা খাতে খরচ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
একই সঙ্গে দাম বৃদ্ধির পরও জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে অনেক স্থানে তেল না পেয়ে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে তাদের।
জানা গেছে, ১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন মূল্য অনুযায়ী ডিজেল লিটার প্রতি ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে সরকার।
গোপালগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, তেল সংকটের কারণে জেলার অধিকাংশ স্টেশনে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। যেসব স্টেশনে তেল পাওয়া যাচ্ছে, সেখানে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেককে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে, এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এমনকি খোলা বাজারেও জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না।
দাম বৃদ্ধির ঘোষণার পরপরই গোপালগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহে দীর্ঘ লাইন ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
তেলের দাম বৃদ্ধির কারণে জেলায় বাস ও পণ্যবাহী ট্রাকের ভাড়া ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
ডিজেলের দাম বাড়ায় কৃষি সেচ পাম্প পরিচালনার খরচ বৃদ্ধি পাবে, ফলে কৃষকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে।
আগেই নিত্যপণ্যের দাম বেশি থাকায় এখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে সব ধরনের পণ্যের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে।
ব্যবসায়ী গোপাল সাহা বলেন, “সরকার হঠাৎ করে তেলের দাম বাড়িয়েছে। এতে পণ্য আনা-নেয়ার খরচ বাড়বে, ফলে পণ্যের দামও বাড়াতে হবে। এতে সাধারণ মানুষের ব্যয় বেড়ে যাবে।”
গোপালগঞ্জ বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কামিল সারোয়ার বলেন, “তেলের দাম বাড়ায় আমাদের পরিবহন ভাড়াও বাড়াতে হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।”
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, “হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনজীবনে বড় প্রভাব ফেলবে। খাদ্যদ্রব্য, পরিবহন, উৎপাদন ও কৃষি খাতসহ সব ক্ষেত্রেই খরচ বেড়ে যাবে। ফলে সাধারণ মানুষের ব্যয় বহুলাংশে বৃদ্ধি পাবে।”
২০৯ বার পড়া হয়েছে