প্রধানমন্ত্রীর আগমনে বগুড়ায় উন্নয়নের নতুন দিগন্ত
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বগুড়া। নতুন পরিচয়ের প্রত্যাশায় উচ্ছ্বসিত এই জনপদ।
দীর্ঘ দুই দশকের বঞ্চনা, অবহেলা এবং উন্নয়ন বৈষম্যের অভিযোগের পর আজকের দিনটি ঘিরে জেগেছে নতুন আশার আলো। আজ বগুড়ায় আসছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি বগুড়ার সন্তান হিসেবেও পরিচিত।
তার হাত ধরেই ২০৬ বছরের পুরোনো জেলা বগুড়া পেতে যাচ্ছে নতুন পরিচয়। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া। আয়তনের দিক থেকে নবম এবং জনসংখ্যার দিক থেকে পঞ্চম এই নতুন সিটি কর্পোরেশনকে ঘিরে শহরবাসীর মধ্যে তৈরি হয়েছে নতুন স্বপ্ন ও প্রত্যাশা।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফরে উন্নয়ন ও জনসম্পৃক্ততার নানা কর্মসূচি রয়েছে। তিনি মোট নয়টি কর্মসূচিতে অংশ নেবেন।
এর মধ্যে গাবতলীর বাগবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জন্মভূমিতে ফ্যামিলি কার্ড বিতরণ, হাম টিকাদান কর্মসূচি এবং খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া জেলা জজ আদালতে অনলাইন বেল বন্ড কার্যক্রম চালু করবেন এবং অ্যাডভোকেট বার সমিতির নতুন ভবন উদ্বোধন করবেন।
ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ এবং বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধনও করবেন তিনি।
বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে শুধু বগুড়াই নয়, আশপাশের জেলাগুলো থেকেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমন ঘটছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন এবং মানুষের ঢলে মুখর হয়ে উঠেছে পুরো শহর।
১১৪ বার পড়া হয়েছে