সিলেটে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল, লক্ষ্যমাত্রা প্রায় ৪ লাখ শিশু
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেট জেলায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এদিন জেলার ২ হাজার ৪৬১টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
রোববার (১৯ এপ্রিল) বিকাল সোয়া ৩টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ কর্মসূচির আওতায় জেলায় মোট ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত মোট ১১ দিনব্যাপী এই কার্যক্রম চলবে।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সোমবার সকাল ১০টায় অগ্রগামী বালিকা স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইদিন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
জেলার ১৩টি উপজেলার মধ্যে কানাইঘাট উপজেলায় সর্বোচ্চ ৪১ হাজার ১৯১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গোলাপগঞ্জ উপজেলায় ৪০ হাজার ৫৮৮ জন এবং সিলেট সদর উপজেলায় ৪০ হাজার ৩৬৭ জন শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, সিলেট জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুর জন্য এই টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। নির্ধারিত ২ হাজার ৪৬১টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণত সংক্রমণের ১০ থেকে ১৪ দিনের মধ্যে এর উপসর্গ প্রকাশ পায়। প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং সর্দি দেখা দেয়।
হামের জটিলতার মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনসেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতা উল্লেখযোগ্য। শিশুদের ক্ষেত্রে এ রোগের প্রকোপ, জটিলতা এবং মৃত্যুঝুঁকি তুলনামূলক বেশি।
অন্যদিকে, রুবেলাও একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এই দুই রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো নির্ধারিত সময়ে টিকা প্রদান।
১২২ বার পড়া হয়েছে