সোনামসজিদ সীমান্তে ভারতীয় ট্রাকসহ বিপুল পরিমান নেশাজাতীয় সিরাপ জব্দ
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকসহ ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র একটি টহলদল শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালায়।
এ সময় একটি ভারতীয় ট্রাক (নং ডব্লিউবি ৬৫-ইউ-৮৯২৪) তল্লাশি করে পাথরের ভেতরে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে মোট ৫,৯৩৫ বোতল সিরাপ পাওয়া যায়। এর মধ্যে ৩,৮৯৭ বোতল এসকুফ ডিএক্স এবং ২,০৩৮ বোতল ফেয়ারডিল সিরাপ রয়েছে।
অভিযান চলাকালে ট্রাকের চালক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, জব্দকৃত ট্রাক, পাথর ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে মোট ১০ হাজার ৫৩৫ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২১৩ বার পড়া হয়েছে