নওগাঁ সদর উপজেলায় ১ কোটি ৬০ লাখ টাকায় দুই খাল পুনঃখনন কাজের উদ্বোধন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁ সদর উপজেলায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিলে ফলক উন্মোচনের মাধ্যমে এবং কোদাল দিয়ে খালের মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উদ্বোধনের পর তিনি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল দুটি পুনঃখনন করা হচ্ছে। এর মধ্যে হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিল থেকে কৃষ্ণপুর পর্যন্ত ২ হাজার ৪০ মিটার দীর্ঘ একটি খাল খননে ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা। এছাড়া বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর থেকে হরিপুর হয়ে কালুপাড়া বিল পর্যন্ত ১ হাজার ২০০ মিটার দীর্ঘ আরেকটি খাল খননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, প্রায় ৫৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি প্রণয়ন করেছিলেন। সে সময় খাল খননের মাধ্যমে দেশে সবুজ বিপ্লব হয়েছিল এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটে। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর তারই সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন হবে এবং শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা পেয়ে উপকৃত হবেন। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশীয় মাছের চাহিদাও পূরণ হবে। পাশাপাশি খালের পাড়ে বিভিন্ন ফলজ গাছ ও শাকসবজি চাষের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহাবুবুর রহমান এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৩৭ বার পড়া হয়েছে