চুয়াডাঙ্গায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৬:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এবারের প্রতিপাদ্য ছিল— “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”।
উদ্বোধনী অনুষ্ঠানে নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট ওয়াকিহা মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামান।
এবারের মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং রোবোটিক্সভিত্তিক প্রকল্পগুলো দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মেধা যাচাই ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা দলগতভাবে অংশগ্রহণ করছে এবং তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া একটি জাতির অগ্রগতি সম্ভব নয়। তিনি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি ভেবেছিলাম আমাদের জেলার শিক্ষার্থীরা হয়তো বিজ্ঞানে ততটা আগ্রহী নয়। কিন্তু আজ তাদের অংশগ্রহণ দেখে আমি আনন্দিত। তবে বিজ্ঞানের ব্যবহার যেন সবসময় ইতিবাচক কাজে হয়, সে বিষয়েও সচেতন থাকতে হবে।”
মেলায় অংশগ্রহণকারী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, বিজ্ঞান মেলা নতুন কিছু উদ্ভাবনের অনুপ্রেরণা জোগায়। অলিম্পিয়াডে অংশ নিয়ে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ তৈরি হয় এবং এটি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলে।
আয়োজক কমিটি জানিয়েছে, মেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, কমিশনার শাকিল মোঃ ছাফিউল্লাহ, সহকারী কমিশনার জমির উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
১৩১ বার পড়া হয়েছে