ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পাকুন্দিয়ায় দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত অন্তত ২৪
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা দুই দিন ধরে চলা এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চারজন পুলিশ সদস্য এবং অন্তত ২০ জন স্থানীয় আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে যায়।
পরদিন শনিবার (১৮ এপ্রিল) সকালে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ নতুন করে শুরু হয়। এসময় হামলা-পাল্টা হামলায় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের সঙ্গেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমানসহ চারজন পুলিশ সদস্য আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ওসি এস এম আরিফুর রহমান জানান, সংঘর্ষ থামাতে গিয়ে তিনি নিজেও আহত হয়েছেন। এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা হয়নি বলে তিনি নিশ্চিত করেন।
১২০ বার পড়া হয়েছে