নড়াইলে ধান কেটে বোরো ধান কাটার কর্মসূচির উদ্বোধন করলেন এমপি
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আতাউর রহমান বাচ্চু চলতি বোরো মৌসুমে অসহায় কৃষকদের ধান কেটে দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামের একটি মাঠে তিনি কাস্তে হাতে নিয়ে ধান কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বাচ্চু বলেন, কৃষকের কষ্ট লাঘবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসা উচিত। এ ধরনের উদ্যোগ গ্রামীণ সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও জানান, জামায়াতে ইসলামী বিভিন্ন এলাকায় অসহায় কৃষকদের ধান কেটে দিয়ে পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৫নং শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খিয়াম উদ্দিন, শাহাবাদ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিল, স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম, আব্দুর রহিম ও জিল্লুর রহমানসহ অনেকে।
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ জানান, বোরো মৌসুমজুড়ে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
১২৫ বার পড়া হয়েছে