কৃষকের ভাগ্য পরিবর্তনে খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে: দুলু
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 'কৃষক বাঁচলেই দেশ বাঁচবে।'
তিনি বলেন, একসময় বাংলাদেশে শুধু আমন ধানের ফসল উৎপাদিত হতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের অনেক জমি তিন ফসলী জমিতে রূপান্তরিত হয়েছে। সেই অবদানের ধারাবাহিকতা বজায় রাখতে খাল খনন কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করে কৃষকের ভাগ্য পরিবর্তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে খাল খনন কর্মসূচি আবারও চালু করা হয়েছে।
আজ শনিবার বেলা ১২টার দিকে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলার হালসা হেলেঞ্চা খাল পুনঃখনন এবং ভাদুড়ী যামিনী খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি রাহবারে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের হজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
১৩১ বার পড়া হয়েছে