আইএমএফ ঋণের কিস্তি স্থগিতের খবর নাকচ করেছে সরকার
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিংয়ের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে—এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলেও তা নাকচ করেছে সরকার।
শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সেদিন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠকে অংশ নেয়।
প্রথম বৈঠকটি সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন এবং তাঁর দলের সঙ্গে অনুষ্ঠিত হয়। একই দিন বিকেলে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নাইজেল ক্লার্ক-এর নেতৃত্বাধীন দলের সঙ্গে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণ দেখিয়ে আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে—এমন যে খবর প্রকাশিত হয়েছে, তা ‘সম্পূর্ণ অসত্য’। এতে আরও বলা হয়, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আগের দিন আইএমএফের সঙ্গে বাংলাদেশের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছিল, যা সঠিক নয়।
সরকারি বিবৃতিতে স্পষ্ট করা হয়, অনুষ্ঠিত বৈঠকগুলোতে ঋণের কিস্তি স্থগিত নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। বরং আলোচনা অত্যন্ত ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৈঠকে নবনির্বাচিত সরকারের নীতিগত দিকনির্দেশনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন অর্থমন্ত্রী। এ সময় রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
বিবৃতিতে জানানো হয়, অধিকাংশ বিষয়ে উভয় পক্ষ একমত হলেও কিছু ক্ষেত্রে আরও আলোচনার প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে জনস্বার্থের ওপর সরাসরি প্রভাব ফেলে এমন বিষয়গুলোতে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।
এতে আরও বলা হয়, উভয় পক্ষই একমত হয়েছে যে আলোচনা অব্যাহত থাকবে এবং সংলাপের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান সম্ভব হবে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও ধারাবাহিক আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
১২৯ বার পড়া হয়েছে