সিলেটে ড্রেনের ওপর ফেলে রাখা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেট নগরীতে ড্রেনের ওপর ফেলে রাখা একটি বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার পল্লবী আবাসিকের সি ব্লকের করেরপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তার পাশে ড্রেনের ওপর একটি কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে কার্টনটি খুলে ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান তারা। এরপর তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটি প্রায় চার থেকে পাঁচ মাস বয়সী ভ্রূণ হতে পারে। কীভাবে এবং কারা এভাবে মরদেহটি ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে।
এসআই মো. আজহারুল ইসলাম বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করা না গেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
১২২ বার পড়া হয়েছে