চসিকে মাসব্যাপী হাম টিকাদান শুরু ২০ এপ্রিল, লক্ষ্য ৩ লাখ শিশু
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় ৩ লাখেরও বেশি শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত মাসব্যাপী টিকাদান কর্মসূচি চালু করা হবে। এ তথ্য জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার নগরীর লালদিঘীর পাড়ে চসিক পাবলিক লাইব্রেরির কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এতে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক শেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এবং চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা।
মেয়র জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। এর ফলে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি এবং মস্তিষ্কের প্রদাহসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
চসিক সূত্রে জানা গেছে, ৭টি জোনের ৪১টি ওয়ার্ডে মোট ৩ লাখ ৩০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৪৮টি স্থায়ী টিম, ২০৫টি অস্থায়ী টিম, ৪১টি মপ-আপ টিম এবং ১৪টি সন্ধ্যাকালীন সেশন পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকা গ্রহণের জন্য অভিভাবকদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধনের জন্য উৎসাহিত করা হচ্ছে। তবে নিবন্ধন না থাকলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না। বিশেষ করে বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত শিশুদের খুঁজে বের করে টিকা নিশ্চিত করা হবে।
কর্মসূচি সফল করতে ইতোমধ্যে কেন্দ্র ও মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মেয়র। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবক প্রস্তুত, ধর্মীয় নেতা ও শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা, মাইকিং এবং গণসচেতনতা কার্যক্রম।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই কর্মসূচি সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগেই একটি সুস্থ ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।”
১২৩ বার পড়া হয়েছে