রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার সক্রিয়: আইনমন্ত্রী
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ বিষয়ে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
তিনি আরও জানান, চলতি বছরের ৫ মার্চ জেলা প্রশাসককে সমন্বয়কারী করে চার সদস্যের জেলা কমিটি গঠন করা হয়, যা হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করবে। এসব সুপারিশ যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটি জেলা পর্যায়ের সুপারিশগুলো পর্যালোচনা করে মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে তা জেলা ও কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করবে। যাচাইয়ে কোনো মামলা হয়রানিমূলক হিসেবে প্রমাণিত হলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলার ভুক্তভোগীদের প্রতিকার দিতে সরকার আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
১৩৪ বার পড়া হয়েছে