ফরিদপুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন বিএনপি নেতাদের, আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তিনি পৌর বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা ঘুরে দেখেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের ৬৪ জেলার বিভিন্ন স্থানে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। কৃষিজমির উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নদ-নদীতে বর্জ্য মিশে পানি ও মৎস্যসম্পদের ক্ষতি করছে, যা জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি তৈরি করছে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ডিজেল উৎপাদন করা সম্ভব হচ্ছে, যা কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলারসহ বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা যায়। তবে এটি বাস বা ট্রাকের মতো ভারী যানবাহনে ব্যবহারের উপযোগী নয় বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া বর্জ্য থেকে সার, টেবিল, টাইলসসহ বিভিন্ন ব্যবহারযোগ্য পণ্য তৈরির কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণে সরকারের সমন্বিত নজরদারি ও সহায়তা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
পরিদর্শন শেষে তিনি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ খাতে আরও উন্নয়নমূলক উদ্যোগ জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
১৪৪ বার পড়া হয়েছে