কোম্পানীগঞ্জে ‘বাঘ আতঙ্ক’ ভুয়া, শনাক্ত হলো হায়েনা — আক্রমণে আহত ৪, সতর্কতার নির্দেশ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া ‘বাঘ আতঙ্ক’-এর প্রকৃত রহস্য উদঘাটন করেছে বন বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করা প্রাণীটি বাঘ নয়, বরং একটি হায়েনা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল বৃহত্তর দলইরগাঁও গ্রামে প্রথমে বাঘের উপস্থিতির গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরদিন রাতেই দলইরগাঁও বাজার এলাকায় তোলা কিছু ছবির ভিত্তিতে বন বিভাগের নজরে আসে বিষয়টি। পরে সেসব ছবি বিশ্লেষণ করে প্রাণীটিকে হায়েনা হিসেবে নিশ্চিত করা হয়।
এদিকে, ওই প্রাণীর আক্রমণে এক মাদ্রাসা শিক্ষার্থী ও এক নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা প্রয়োজনীয় ভ্যাকসিন গ্রহণ করছেন বলে জানা গেছে।
১৫ এপ্রিল রাত থেকে পাশের বর্ণী গ্রামেও হায়েনার উপস্থিতির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সিলেট বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা জানান, হায়েনা একটি হিংস্র প্রাণী হওয়ায় এর আক্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এলাকাবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বন বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, কোথাও প্রাণীটির উপস্থিতি টের পেলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাব্বির আহমদ হাসনু জানান, কয়েকদিন ধরে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের স্কুল, মাদ্রাসা ও মক্তবে পাঠানো নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা ও বন বিভাগের সার্বক্ষণিক নজরদারির দাবি জানান।
১৭৯ বার পড়া হয়েছে