জাফলং সীমান্তে হানি ট্র্যাপ চক্রের সদস্য আটক, র্যাবের হাতে সোপর্দ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকায় হানি ট্র্যাপ চক্রের এক সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এর কাছে হস্তান্তর করেছেন স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আমস্বপ্ন গ্রামের বাসিন্দা হিরণ মিয়ার ভাষ্যমতে, আটক ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকার যুবসমাজ তাকে আটক করে। পরে র্যাব-৯ সিলেটের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।
গ্রামবাসীদের অভিযোগ, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সক্রিয় সদস্য। চক্রটির সদস্যরা বিভিন্ন নারীর মাধ্যমে তরুণদের ফাঁদে ফেলে নির্জন স্থানে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। কিছু ক্ষেত্রে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, এই চক্রে একাধিক নারী সদস্য জড়িত এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে র্যাব-৯ সিলেট সদর কোম্পানি ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
১৭১ বার পড়া হয়েছে