সর্বশেষ

সারাদেশ

বৈশাখে রাঙামাটিতে পর্যটকের ঢল, উৎসবে মুখর পাহাড়

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
পহেলা বৈশাখ উপলক্ষে রাঙামাটিতে বেড়েছে পর্যটকের আগমন। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের ভিড়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। একই সঙ্গে বাংলা নববর্ষকে ঘিরে পাহাড়ি ও বাঙালি—সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনায় পর্যটকরাও যুক্ত হয়ে উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে রাঙামাটি পর্যটন কর্পোরেশন পরিচালিত পর্যটন হলিডে কমপ্লেক্সের হোটেল ও কটেজগুলোতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলক বিকাশ চাকমা জানান, নববর্ষকে ঘিরে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে খাবারের মেলা, আবাসিক সুবিধায় ছাড়সহ নানা আকর্ষণীয় উদ্যোগ। তিনি বলেন, আগত পর্যটকরা পাহাড়ের বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করছেন।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাজাই মারমা বলেন, নতুন সরকার গঠনের পর পার্বত্য চট্টগ্রামে এবারের বর্ষবরণ উৎসব আরও আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে। পাহাড়ি ও বাঙালির সম্মিলিত অংশগ্রহণে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে।

গত এক সপ্তাহ ধরে পার্বত্য চট্টগ্রামজুড়ে চলছে বর্ণাঢ্য বর্ষবরণ আয়োজন। বিজু উৎসবের র‍্যালি, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খেলাধুলা, বলি খেলা, গ্রামীণ ও লোকজ মেলা—সব মিলিয়ে পুরো অঞ্চল উৎসবের আমেজে ভাসছে। এতে পর্যটকরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

রবিবার ফুল ভাসানোর মাধ্যমে শুরু হয় তিন দিনের বিজু উৎসব। সোমবার পালিত হয় মূল বিজু। এদিন পাহাড়ি পরিবারগুলোতে রান্না করা হয় ঐতিহ্যবাহী ‘পাজন’সহ নানা খাবার, আর অতিথিদের আপ্যায়ন করা হয় পিঠাপুলিতে।

আগামী ১৬ এপ্রিল রাঙামাটি স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের জলকেলি বা পানি উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পার্বত্য চট্টগ্রামের এই বর্ণিল বর্ষবরণ আয়োজন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন