৪০ দিনের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধস, নিহত একাধিক প্রভাবশালী ব্যক্তি
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৩:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা ৪০ দিনের হামলায় দেশটির শাসনব্যবস্থায় বড় ধরনের ধাক্কার খবর পাওয়া গেছে। বিভিন্ন আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় সূত্রে জানা গেছে, এ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ছয়জন শীর্ষ পর্যায়ের নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের অভিযানে ৫০ জনের বেশি ইরানি নেতা প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি হামলার শুরুতেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি দেশটির সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
খামেনির ঘনিষ্ঠ সহযোগী ও প্রভাবশালী কূটনৈতিক কৌশলবিদ আলী লারিজানি-ও এ হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
এ ছাড়া প্রতিরক্ষা খাতে বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ডিফেন্স কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত হয়েছেন। তিনি এর আগে ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
নিহতদের তালিকায় আরও রয়েছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব।
ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নেতৃত্বেও বড় ধরনের ধস নেমেছে। বাহিনীর প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একইসঙ্গে বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি-ও প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান মোহাম্মদ শিরাজি, আইআরজিসির নৌ শাখার কমান্ডার আলিরেজা তাংসিরি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মুসাভি এবং আইআরজিসির গোয়েন্দা প্রধান সাইয়্যেদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
এই হামলার ফলে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এসব তথ্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের পক্ষ থেকে বিস্তারিত নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।
১২৭ বার পড়া হয়েছে