আজই আসতে পারে অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতি নিয়ে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
গত রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, নির্ধারিত এই বৈঠকেই অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়গুলোতে শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা নির্দেশনা দেওয়া হবে। কারণ, বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান করা হতে পারে। এ ক্ষেত্রে এক দিন পরপর অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে অনলাইন ক্লাসের সময়ও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করতে হতে পারে।
এছাড়া ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সশরীরে নেওয়ার দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ ব্যাহত না হয়।
১২২ বার পড়া হয়েছে