মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, উপাচার্য কার্যালয়ে তালা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এবং উপাচার্য কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসন পরিকল্পিতভাবে ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করেছে। তাদের দাবি, ৫ আগস্টের আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্তদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, যার সঙ্গে প্রক্টরের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা মনে করছেন।
এছাড়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, পূর্বে একাধিকবার অভিযোগ দাখিলের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তা গ্রহণে গড়িমসি করা হয়েছে।
এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা প্রক্টরের অপসারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য কার্যালয়ে তালা দেন এবং কর্মসূচি অব্যাহত রাখেন।
এদিকে, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন ব্যক্তিগত কারণে চার দিনের ছুটিতে রয়েছেন।
উপাচার্য কার্যালয়ের সামনে চলমান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১২২ বার পড়া হয়েছে