মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন—এমন প্রত্যাশা তার রয়েছে।
জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বী, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
১২৪ বার পড়া হয়েছে