রাজশাহীতে আ.লীগ কার্যালয়ের জায়গা ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে ঘোষণা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙা দলীয় কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড স্থাপন করেছে জেলা প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সংশ্লিষ্ট স্থানে এ সাইনবোর্ড টানানো হয়।
সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, জায়গাটি ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি)। এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে সম্পত্তিটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।
জেলা প্রশাসনের টানানো সাইনবোর্ডে সম্পত্তিটির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তথ্যানুযায়ী, সম্পত্তিটি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রামপুর মৌজায় অবস্থিত। এর জেএল নম্বর ১০, খতিয়ান নম্বর ১৮ এবং দাগ নম্বর ২৮১। জমির শ্রেণি ‘বাড়ি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এর মোট পরিমাণ ০.৪৯৫৬ একর। এছাড়া ভিপি কেস নম্বর হিসেবে উল্লেখ রয়েছে ২/৭৬।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ওই জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে।
১২১ বার পড়া হয়েছে