মাদারীপুর রেজিস্ট্রার অফিসে এমপি'র নেতৃত্বে আকস্মিক অভিযান
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরে দালাল ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেজিস্ট্রার অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে রেজিস্ট্রার অফিসের গেটে তালা ঝুলিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।
অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার ঘোষণা দেন।
তিনি সেখানে উপস্থিত দলিল লেখক, জমির ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি রেজিস্ট্রার অফিসে কর্মরত ৪৭ জন দলিল লেখক ও তাদের প্রত্যেকের একজন করে সহকারীর তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেন।
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহান্দার আলী মিয়া বলেন, “তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দুর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন। দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, ঘুষ, কিশোর গ্যাং এবং ভূমিদস্যুতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার এলাকার ভোটাররা আমাকে ঘরে বসে থাকার জন্য ভোট দেননি। গত ১৬-১৭ বছর ধরে বিভিন্ন অফিসে কথিত মাস্তানদের মাধ্যমে চাঁদাবাজি হয়েছে বলে জেনেছি। আজকের অভিযানে আমরা এর সত্যতা পেয়েছি। বিশেষ করে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এখানে চাঁদা তোলা হয়—এ বিষয়টি আমরা নজরদারিতে নিয়েছি।”
তিনি জানান, দলিল লেখকদের সহকারীদের মাধ্যমেই চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সহকারীদের তালিকাও চাওয়া হয়েছে। ভবিষ্যতে হঠাৎ অভিযানে ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখক ছাড়া অন্য কোনো দালাল বা চাঁদাবাজকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাহান্দার আলী মিয়া বলেন, “আমরা অন্যায় ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
১২৪ বার পড়া হয়েছে