টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমারের সংঘাতের কারণে প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সোমবার বেলা ১২টার দিকে প্রতিমন্ত্রী টেকনাফের কেরুনতলী এলাকায় নাফ নদীর সংলগ্ন স্থলবন্দরে পৌঁছে বন্দরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন।
এ সময় তিনি ওয়ারহাউস ও স্থলবন্দর পরিদর্শন করে দ্রুত বন্দর চালু করার নির্দেশ দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, “স্থলবন্দর পুনরায় সচল করার কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই আমরা ব্যবসায়ী, বিজিবি, কোস্টগার্ডসহ সকল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস, এনবিআরসহ সকল স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে জনগণের দাবির প্রেক্ষিতে আজ থেকে কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পরিচালিত হবে। সেই ভিত্তিতেই টেকনাফ স্থলবন্দর পুনরায় চালু করা হয়েছে।
এদিকে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নান জানিয়েছেন, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও কিছু নিরাপত্তা ঘাটতি ছিল। তবে বর্তমানে পণ্য আমদানি-রপ্তানিতে আর কোনো বড় বাধা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বন্দর কার্যক্রম পুনরায় সচল করা হচ্ছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম এবং কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিন।
উল্লেখ্য, দুই বছর ধরে চলমান যুদ্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। ফলে নাফ নদীর মিয়ানমার অংশে নৌযান চলাচল নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠী। গত বছরের এপ্রিল মাসে পণ্যবাহী জাহাজ থেকে কমিশন (চাঁদা) দাবির কারণে আরাকান আর্মির বাধার মুখে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ রাখে। এতে শতাধিক আমদানি-রপ্তানিকারক ক্ষতির মুখে পড়েন।
৬ এপ্রিল পর্যন্ত মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল।
১২৩ বার পড়া হয়েছে