নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে মানববন্ধন
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় নাচোলের সর্বস্তরের জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্টেশনের মালিকদের পারিবারিক দ্বন্দ্বের কারণে এ সমস্যার সৃষ্টি হওয়ায়, জনসাধারণের ভোগান্তি কমাতে পুনরায় অবিলম্বে পাম্পটি চালু করার দাবিতে তারা প্রতিবাদ ও মানববন্ধন করেছেন।
নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় বাসস্ট্যান্ডে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাস টিমের সভাপতি শাকিল রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ এবং উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতার। এছাড়াও নাচোলের সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
পাম্প মালিকদের সাতদিনের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, “এখন জ্বালানী তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই পাম্প থেকে লাভ কী?” নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি আরও বলেন, “পাম্প কর্তৃপক্ষ যদি চালু করতে ব্যর্থ হয়ে থাকে, তাহলে বিক্রি অথবা ভাড়া দিতে পারেন। আমরা কিনে নিয়ে চালু করব। কিন্তু এভাবে জনসাধারণকে কষ্ট দিতে পারেন না।”
বক্তারা উল্লেখ করেন, পারিবারিক দ্বন্দ্ব যাই হোক, তা জনসাধারণের ভোগান্তির কারণ হতে পারে না। তারা বলেন, এক সপ্তাহের মধ্যে পাম্পটি চালু না হলে ক্ষুব্ধ জনগণ যে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেন।
মানববন্ধনের শেষে নাচোল উপজেলা প্রশাসন ও নাগরিকরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি জমা দেন।
১২৫ বার পড়া হয়েছে