রংপুর মেডিকেলে জনবল সংকট, রোগীরা সঠিক সেবা পাচ্ছেন না: অতিরিক্ত সচিব
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকট নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
শনিবার সকালে হাসপাতালের নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো পরিদর্শন এবং চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
অতিরিক্ত সচিব মো. হুজুর আলী বলেন, “রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক বছর আগে ৬০০ শয্যা থেকে ১,০০০ শয্যায় উন্নীত হয়েছে, কিন্তু প্রয়োজনীয় জনবল এখনও নিয়োগ দেওয়া হয়নি। ফলে রোগীদের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা প্রদান করা যাচ্ছে না। বর্তমানে ১,০০০ শয্যার হাসপাতালে আড়াই হাজার রোগী চিকিৎসা নিচ্ছে। জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে নানা অভিযোগ রয়েছে।”
তিনি আরও জানান, হাসপাতালের ক্যান্সার, হৃদরোগ ও কিডনি বিভাগের নতুন অবকাঠামো নির্মাণ প্রক্রিয়াধীন। এসব সেবা কার্যকরভাবে চালু করার জন্য প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালেও জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
জনবল নিয়োগ একটি জটিল প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, “এটি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে না, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়েরও সমন্বয় প্রয়োজন। তবে সরকারের সদিচ্ছা আছে, তাই সংকট দ্রুত সমাধান হবে বলে আশা করি।”
পরিদর্শনে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. শরিফুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩৩ বার পড়া হয়েছে