শেরপুরে খাজা মইন উদ্দিন চিশতী (রহ.) স্মরণে ১৯তম ওরশ শুরু ৬ এপ্রিল
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজার এলাকার ছয়ঘরিয়াপাড়ায় অবস্থিত খানকায়ে চিশতিয়া আজমেরী দরবার শরীফে গরীবে নেওয়াজ হযরত খাজা মইন উদ্দিন চিশতী (রহ.)-এর স্মরণে আগামী ৬, ৭ ও ৮ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম বার্ষিক ওরশ শরীফ।
তিনদিনব্যাপী এ ধর্মীয় আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে। অনুষ্ঠানটি শুরু হবে ৬ এপ্রিল, যেখানে বাদ জোহর খতমে কুরআন, খতমে খাজেগান মিলাদ ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিন ৭ এপ্রিল রাতব্যাপী মাহফিল, মুর্শিদি ও হাসান গীতিসহ আধ্যাত্মিক সংগীত পরিবেশিত হবে। শেষ দিন ৮ এপ্রিল ধর্মীয় আলোচনা, দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুস সাত্তার নিজামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়া, শেরপুর সদর থানা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার সহকারি সেক্রেটারি প্রভাষক মোঃ জাহিদ আনোয়ার এবং সাবেক প্যানেল মেয়র দেওয়ান আল শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও গীতিকার শাহ্ মোহাম্মদ হাসান আলী চিশতী সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, “সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রানবন্ত ও কার্যকরী হয়ে উঠবে।” অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করছে স্থানীয় যুব সমাজ ও দরবারের ভক্তবৃন্দ, সহযোগিতায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ হোসেন আলী বাদশা।
২১৩ বার পড়া হয়েছে