ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু, প্রদর্শনী ও বিনোদন একসাথে
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে শুক্রবার (৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেন। মেলা পরিচালনায় দায়িত্বে রয়েছে রণো ইভেন্ট ম্যানেজমেন্ট। সংসদ সদস্য নায়াব ইউসুফ বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় শিল্প ও বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং মেলা পরিচালনা কমিটির সদস্যরা।
প্রধান অতিথি বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, প্রতিবছর নিয়মিতভাবে মেলার আয়োজন করলে জেলার ব্যবসা-বাণিজ্য আরও সমৃদ্ধ হবে।
মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে ৪০–৪৫টি স্টল রয়েছে, যেখানে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা হস্তশিল্প, পোশাক, গৃহস্থালি সামগ্রী, খাদ্যপণ্য এবং প্রযুক্তিনির্ভর সামগ্রী প্রদর্শন ও বিক্রি করছেন। শিশুদের জন্য বিভিন্ন রাইড ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।
দর্শনার্থীদের প্রবেশমূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, মেলা তাদের পণ্যের প্রচার ও বিক্রির জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে। দর্শনার্থীরাও এক জায়গায় বিভিন্ন জেলার পণ্য সহজে পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। মেলার মাধ্যমে ফরিদপুরের অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি এটি মানুষের বিনোদনের একটি কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১২৪ বার পড়া হয়েছে