দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই কৃষকদের জন্য পর্যাপ্ত ডিজেল ও পেট্রোল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় তিনি নদীভাঙন প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এ বিষয়ে চলমান প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মো. শাহজাহান সিরাজসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
১৩০ বার পড়া হয়েছে