বাংলাবান্ধা সীমান্তে ১১ মাস পর ফিরল বাংলাদেশির লাশ, পরিবারের অভিযোগ নির্যাতনের
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর সীমান্ত দিয়ে প্রায় ১১ মাস পর আজিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশি দিনমজুরের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের পর মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি দুই মেয়ে ও এক মানসিক প্রতিবন্ধী ছেলের জনক।
পারিবারিক ও বিজিবি সূত্র জানায়, গত বছরের ১৩ মে শাহানাবাদ সীমান্তের ৩৭৩ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছে ঘাস কাটতে গেলে তাকে আটক করে ভারতের আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এরপর দীর্ঘ সময় ধরে তাকে ভারতে আটক রাখা হয়।
পরিবারের দাবি, আটকের পর আজিজুর রহমানের ওপর নির্যাতন চালানো হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ মার্চ তার মৃত্যু হয়।
শুক্রবার তার ভাতিজা সোহেল রানার কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনাটি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানা গেছে।
১৪৯ বার পড়া হয়েছে