শিবালয়ে বালু মহল নিয়ে সংঘর্ষ
ইজারাদারের ম্যানেজারকে গুলি করে হত্যা, আহত কয়েকজন
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সশস্ত্র হামলার ঘটনায় মিরাজ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া এলাকায় যমুনা নদীর চরে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি তেওতা বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান ইফতিয়ার এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মিরাজ হোসেনসহ তার সহযোগীরা নদীতে ড্রেজারের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি স্পিডবোটে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একপর্যায়ে মিরাজকে লক্ষ্য করে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত স্পিডবোটে করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ জাহাঙ্গীর নামে অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বালুমহালের ইজারাদার কাওছার হোসেন জানান, এর আগের দিন মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা তাকে হুমকি দিয়ে বলে—বাল্কহেডে বালু পরিবহন করা হলে তাকে হত্যা করা হবে। বিষয়টি নিয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মানবেন্দ্র বালো জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের মরদেহ বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১২৫ বার পড়া হয়েছে