ত্রিশালে পারিবারিক বিরোধে শিশু সন্তান হত্যার অভিযোগ, পিতা পলাতক
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পারিবারিক কলহের জেরে লাবিব (৩) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লাবিব স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়ার ছেলে। পুলিশ জানায়, অভিযুক্ত সোহাগ মিয়া পেশায় চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ মিয়া একাধিক বিয়ে করেছেন। তার তৃতীয় স্ত্রী লামিয়া আক্তার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের কারণে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
নিহতের নানা মো. মোজাম্মেল হক (ওজা মিয়া) জানান, বুধবার বিকেল প্রায় ৩টার দিকে সোহাগ মিয়া ছেলেকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যান। এরপর অনেক সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে ইলিয়াস নামের এক ব্যক্তির বাড়ির পাশ থেকে লাবিবের নিথর দেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত সোহাগ মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১৪৬ বার পড়া হয়েছে