মাদারীপুরে কিশোর গ্যাং সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ঘর ভাঙচুর, আহত ৫
সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত চলা এ সহিংসতায় শতাধিক ককটেল বিস্ফোরণ এবং অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে বসার চেয়ার নিয়ে থানতলী এলাকার আকিব ও পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে কথা-কাটাকাটি হয়। উপস্থিত অতিথিরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করলেও বিরোধের রেশ থেকে যায়।
এর জের ধরে রবিবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থানতলী ও পাকদী এলাকায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সদর মডেল থানা পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে পুলিশি টহল শিথিল হওয়ার সুযোগে সোমবার ভোররাতে আবারও অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় পাকদী এলাকায় অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং পাঁচজন আহত হন।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৬ বার পড়া হয়েছে