কক্সবাজার সীমান্তে ফের মাইন বিস্ফোরণ: দুই দিনে দুই রোহিঙ্গার পা বিচ্ছিন্ন
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়ে পা হারিয়েছে। একই এলাকায় দুই দিনের ব্যবধানে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি, যা সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রবিবার (দুপুর দেড়টা) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত কিশোর আব্দুল হাকিম (১৫) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নাফ নদীতে মাছ ধরে তীরে ওঠার সময় হঠাৎ বিস্ফোরণের শিকার হয় কিশোরটি। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার একই উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে অনুরূপ স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের আরেক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
সীমান্ত এলাকায় ধারাবাহিক এসব মাইন বিস্ফোরণের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পবাসীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
১১৯ বার পড়া হয়েছে