সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের দক্ষতা জরুরি: মেয়র শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে তরুণদের সক্রিয় ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক রূপান্তরে তরুণদের দক্ষ করে তুলতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে আয়োজিত ‘আইটেক ডে’ ও বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন (BYD) পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ১৯৬৪ সাল থেকে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময় অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, সুশাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, জ্বালানি এবং কারিগরি শিক্ষাসহ বিভিন্ন খাতে ভারতের অভিজ্ঞতা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম শিল্প, বাণিজ্য, লজিস্টিকস, শিপিং এবং রপ্তানি-আমদানির কেন্দ্র হিসেবে ভবিষ্যতে আরও বিকশিত হবে। এ লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের মূল চালিকাশক্তি তরুণ প্রজন্ম। তারা শুধু নিজেদের সাফল্যের প্রতীক নয়, বরং দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতুবন্ধন।

তিনি বলেন, ইতিহাস, সংস্কৃতি ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা ভারত-বাংলাদেশ সম্পর্ক অতীতের ত্যাগের ওপর দাঁড়িয়ে বর্তমান সহযোগিতায় আরও শক্তিশালী হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্কের সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. রাজীব রঞ্জন আরও বলেন, আইটেক কর্মসূচি একটি চাহিদাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ, যা উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ২০১২ সালে চালু হওয়া বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন কর্মসূচি দুই দেশের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, মূল্যবোধ ও সংস্কৃতির বিনিময় জোরদার করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের বিভিন্ন ব্যাচের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, ভারতের বিভিন্ন শহরে অবস্থানকালীন শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের অভিজ্ঞতা তাদের দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করেছে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আইটেক ও বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন কর্মসূচির সাবেক অংশগ্রহণকারীরাও উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন